সীতাকুণ্ডে আগামী ৩১ মার্চ ইউপি নির্বাচন উপলক্ষে বারৈয়াঢালা ইউনিয়নের এক স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে গুলি বর্ষণ, ককটেল নিক্ষেপ ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করা হয়েছে। নির্বাচনী আইনশৃংখলা বৈঠকে প্রার্থী নিজে এই অভিযোগ করা হয়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১০টায় ২নং বারৈয়াঢালা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াছ নিয়াজীর (আনারস) বাড়িতে একদল সন্ত্রাসী ঢুকে পর পর কয়েক রাউন্ড গুলি ছোড়ে ও কয়েকটি ককটেল নিক্ষেপ করে এলাকাতে আতংক সৃষ্টি করে। সন্ত্রাসীরা গ্রামে ঢুকেই প্রথমে ডিজিটাল ব্যানার ও পোস্টার ছিড়ে ফেলে এবং আতংক সৃষ্টির পর তারা যাওয়ার সময় ব্যানার ও পোস্টারগুলো প্রার্থীর বাড়ির সামনে আগুন দিয়ে পুড়ে ফেলে।
সন্ত্রাসীরা ত্রাস সৃষ্টির পর চলে যাওয়ার সময় হুমকি দিয়ে যায় যে, মো. ইলিয়াছ নির্বাচনী প্রচারণা বন্ধ না করলে তাকে অপহরণ করা হবে। এমনকি নির্বাচনের পরে তাকে ও তার ছেলেদেরকে হাত পা ভেঙ্গে দেয়া হবে এবং তাদের ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেয়া হবে।
এদিকে রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমূল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে নির্বচনী আইনশৃংখলা বৈঠক অনুষ্ঠিত হয়। স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াছ তার বাড়িতে হামলার বিবরণ দিলে মডেল থানা অফিসার ইনচার্জ ইফতেখার হাসান হামলাকারীদের নাম দিতে বলেন এবং তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে প্রার্থীকে আশ্বস্ত করেন। বৈঠকে উপস্থিত ছিলেন- র্যাব-৭ এর ডিএডি মো. আনোয়ার, মডেল থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসান, উপজেলা আনসার ভিডিপি অফিসার মো. আমির হোসেনসহ ৯টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীগণ।
অপরদিকে শনিবার দিবাগত রাত ৩টায় একই ইউনিয়নের বিএনপি প্রার্থী মো. অহিদুল আলম চৌধুরীর বাড়িতেও সন্ত্রাসীরা হামলা চালিয়ে ঘরের দরজা জানালা ও বাহিরের লাইটগুলো ভেঙ্গে ফেলে।
