মদনে আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে হামলা

আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১৯:১৩
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেত্রকোণার মদনে আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে হামলা করেছে স্বতন্ত্র প্রার্থীর লোকজন। শনিবার গভীর রাতে এ ঘটনাটি ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
 
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নায়েকপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোয়াটি গ্রামের আবু সাদেক সাতু মিয়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে সমর্থন করায় শনিবার রাতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফকরুল ইসলাম খান হেভেনের লোকজন তার বাড়িতে অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নরুল আমিন সাদেকের লোকজন স্বতন্ত্র প্রার্থীর লোকজনকে ধাওয়া করলে তারা দৌড়ে পালিয়ে যায়। 
 
এ ব্যাপারে মদন থানার এস আই হাতেম আলী জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
অপরদিকে ৩ নং মদন ইউনিয়নে রবিবার আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ভোট চাওয়াকে কেন্দ্র করে ২ নং ওয়ার্ডে সকাল বাজারে হাতাহাতির ঘটনা ঘটে। এ ব্যাপারে আওয়ামী লীগ সমর্থক বাগদাইর গ্রামের জুয়েল মিয়া বাদী হয়ে ১১ জনকে অভিয্ক্তু করে মদন থানায় একটি অভিযোগ দায়ের করেছে বলে খবর পাওয়া গেছে।
 
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী বদরুজ্জামান মানিক মিয়ার সমর্থক সিরাপ মিয়া, আওয়ামী লীগ সমর্থক জুয়েল মিয়া সকালে বাজারে ভোট চাইতে গেলে দু’পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ব্যাপারে এস আই মাহ্ফুজুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।