নির্যাতিত মা-ছেলের পাশে দাঁড়িয়েছে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ

আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১৯:৩৩
লক্ষ্মীপুরের রামগঞ্জে সন্তানের সামনে মাকে বিবস্ত্র করে গাছের সঙ্গে হাত-পা বেঁধে বর্বর নির্যাতনের প্রতিবাদে মা এবং ছেলের পাশে দাঁড়িয়েছে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ।
 
রবিবার দুপুরে জেলা ছাত্রলীগ সভাপতি সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল নির্যাতিত মা-ছেলের বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর নেন। এ সময় তিনি নির্যাতিত খুরশিদা বেগমের ছেলের পড়াশুনার দ্বায়িত্ব নেন এবং খুরশিদা বেগমকে ন্যায় বিচারের আশ্বাস দেন। এ সময় তিনি মামলা অগ্রগতি নিয়ে ওই থানার ওসির সঙ্গে কথা বলেন।
IMG0
প্রসঙ্গত, গত ২২ মার্চ লক্ষ্মীপুরের রামগঞ্জে সন্তানের সামনে মাকে বিবস্ত্র করে গাছের সঙ্গে হাত-পা বেঁধে বর্বর নির্যাতন চালানো হয়।পরে মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে উল্লাস করার অভিযোগ উঠেছে একই এলাকার নুর হোসেন, তার ছেলে আজিজ ও মেয়ে হাসিনা বেগমের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। নির্যাতিত ওই নারী বাদী হয়ে রামগঞ্জ থানায় তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
 
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোতা মিয়া বলেন, এটি একটি ন্যক্কারজনক ঘটনা। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের অভিযান চলছে।