পেকুয়ায় অটোরিকশাচালককে গলাকেটে হত্যা

আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১৯:৫৩
কক্সবাজারের পেকুয়ায় মোহাম্মদ হোসাইন (১৮) নামে এক অটোরিকশাচালককে  গলাকেটে হত্যা করা হয়েছে।
 
রবিবার বেলা ১১টার দিকে পেকুয়া উপজেলার টইট্যং ইউনিয়নের কাছারী পাহাড় সড়কের পাশে ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। মোহাম্মদ হোসাইন টইট্যং ইউনিয়নের গর্জনিয়া পাড়ার দুবাই প্রবাসী আব্বাস উদ্দিনের ছেলে। আটক আব্দুর রহমান (২২) টইট্যং ইউনিয়নের বাজার পাড়ার মৃত নজির আহমদের ছেলে।
 
চকরিয়া সার্কেলের এএসপি মো. মাসুদ আলম জানান, টইট্যংয়ের কাছারী পাহাড় সড়কের পাশের ধানক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ওই লাশ উদ্ধার করে। তিনি অটোরিকশা চালক বলে স্থানীয়রা জানিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।