নরসিংদীতে তনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আপডেট : ২৭ মার্চ ২০১৬, ২০:০৯
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী ও নাট্যশিল্পী সোহাগী জাহান তনু হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন করেছে নরসিংদীবাসী।
 
রবিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
 
মানববন্ধনে ইত্তেফাক পাঠক ফোরাম, রোটারেক্ট ক্লাব অব নরসিংদী, ফেসবুক ভিক্তিক সংগঠন হৃদয়ে আমার নরসিংদী, নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রদল ও সামাজিক সংগঠন প্রয়াসসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরা এ মানববন্ধনে অংশ করেন।
 
মানববন্ধনে একাত্ত্বতা প্রকাশ করেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও দৈনিক ইত্তেফাক পাঠক ফোরাম নরসিংদী জেলা শাখার  উপদেষ্টা প্রফেসর গোলাম মোস্তফা মিয়া, আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টির সভাপতি আবদুল্লাহ আল মামুন, দৈনিক ইত্তেফাক পাঠক ফোরাম নরসিংদী জেলা শাখার সভাপতি রাসেল বিন হাসনাত, হৃদয়ে আমার নরসিংদী সংগঠনের আহ্বায়ক কাজী নাজমুল ইসলাম, নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল মুন্না, রোটারেক্ট ক্লাব অব নরসিংদীর প্রেসিডেন্ট মোশাররফ হোসেন প্রমুখ।
 
দৈনিক ইত্তেফাক পাঠক ফোরাম নরসিংদী জেলা শাখার  উপদেষ্টা প্রফেসর গোলাম মোস্তফা মিয়া বলেন, তনু হত্যার বিচার আজ জাতীয় দাবি। স্বাধীনতার মাসে আমাদের কষ্টের কোন শেষ নেই। অনেক ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমরা চাই সামাজিক নিরাপত্তা, শান্তিপূর্ণ সুন্দর পরিবেশ। সেই পরিবেশ নিশ্চিত করার জন্য রাষ্ট্রকে আন্তরিক হতে হবে।