সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যেগে রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আয়শা খানম বলেন, আজ দেশের কোথাও নারীদের জন্য নিরাপদ নয় যেখানে নারীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। তিনি সমাজ ও রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখেন স্বাধীনতার ৪৬ বছর পরও যেখানে দেশের এত ইতিবাচক অর্জন সেখানে কেন নারীরা প্রতিটি ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভোগে?
বক্তারা বলেন, তনু দেশের সবচাইতে সুরক্ষিত একটি জায়গায় ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন। প্রতিদিনই আমাদের দেশে কোথাও না কোথাও এই ধরণের নির্যাতনের ঘটনা ঘটছে। কিন্তু নারী নির্যতনের ঘটনাগুলোর বিচার হচ্ছে না ফলে এর ভয়াবহতা বেড়েই চলছে। ক্রমাগত নারীরা আরো নিরাপত্তাহীনতায় ভুগছে।
আইন ও সালিশ কেন্দ্রের সিনিয়র উপ-পরিচালক অ্যাড. রওশন জাহান পারভিনের সভাপতিত্বে মানববন্ধনে অরো বক্তব্য রাখেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবির, স্টেপস টুওয়ার্ডস ডেভলপমেন্টের জীবনকৃষ্ণ সাঁওজাল, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক প্রমুখ।
