সিরাজগঞ্জের কামারখন্দের ঝাঐল ওভার ব্রিজের নিচে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বালুভর্তি ট্রাকের সংঘর্ষে হেলপার আব্দুল হাকিমসহ ২ শ্রমিক নিহত হয়েছেন।
রবিবার রাত সাড়ে ৯টায় হেলপার আব্দুল হাকিম (৩২) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং শ্রমিক আব্দুল জলিল (২৮) বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতরা হলেন জেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতী গ্রামের ফরজ আলীর ছেলে শ্রমিক আব্দুল জলিল (২৮) ও ভদ্রঘাট ইউনিয়নের জলঢাঙ্গা গ্রামের ফজল আলীর ছেলে হেলপার আব্দুল হাকিম (৩২)।
সিরাজগঞ্জ সদর উপজেলার ৪নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজামাল আকন্দ হেলপার ও শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল সরদার জানান, রবিবার বিকেল ৩টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ঝঐল ওভার ব্রিজ এলাকায় পৌঁছালে পার্শ্ববর্তী অরক্ষিত রেলক্রসিং দিয়ে বালুভর্তি একটি ট্রাক উঠে গেলে ওই সংঘর্ষ বাধে। এতে ট্রেনের ধাক্কা লেগে ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
এ ঘটনায় ট্রাকের চালক, হেলপারসহ ৬ জন বালুশ্রমিক আহত হন।
