যশোরে ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন

আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৫:৫৯
যশোরে ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন হয়েছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের রায়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসিবুল হাসান তরফদার জিম (১৭) শহরের রেলগেট চোরমারা দিঘীর পাড় উত্তর পাশ এলাকার আজম তরফদারের ছেলে। সে যশোর সরকারি সিটি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
 
কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, রবিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের রায়পাড়া এলাকার মাদক ব্যবসায়ী বেবীর বাড়ির সামনে হাসিবুল হাসান তরফদার জিম কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিল। এসময় বাকতিণ্ডার একপর্যায়ে এক যুবক জিমের বুকে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে জিমের মৃত্যু হয়। পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী মাদক সেবনকে ঘিরে বিরোধের জের ধরে জিম খুন হয়েছে।
 
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক কল্লোল কুমার সাহা জানিয়েছেন, জিমের বুকে ছুরিকাঘাত করা হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
 
নিহত জিমের পিতা আজম তরফদার জানিয়েছেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালে এসে ছেলের লাশ পেয়েছি। তবে কী কারণে, কারা হত্যা করেছে জানি না।
 
অপরদিকে এলাকাবাসী সূত্রে জানা গেছে যে,  মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর নিহত জিমের এলাকা শহরের রেলগেট চোরমারা দিঘীর পাড় উত্তরপাশে  কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটে। এতে রেজওয়ানুল হাসান অন্তু নামের নবম শ্রেণীর এক ছাত্র আহত হয়েছে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।