শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের লাহোরে গুলশান-ই-ইকবাল পার্কের গাড়ি পার্কিং এলাকায় বোমা হামলায় অন্তত ৬৫ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরো প্রায় ২শত মানুষ আহত হয়েছে। আহতদের বেশিরভাগ নারী ও শিশু। রবিবার সন্ধ্যায় শহরের গুলশান-ই-ইকবাল পার্কে এই হামলা হয়।
পুলিশ কর্মকর্তা মুহাম্মদ ইকবাল জানিয়েছেন, হামলাটি ছিল আত্মঘাতী। তবে এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি।
পার্কে শিশুদের জন্য নির্ধারিত এলাকায় বিস্ফোরণটি ঘটানো হয়। এ সময় পার্কের ওই এলাকাটিতে অনেকগুলো পরিবার বিশেষ করে নারী ও শিশু উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে বলেন, পুরো পার্কিং এলাকায় বিস্ফোরণের ধাক্কায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানুষের দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে আছে।
IMG0
ধারণা করা হচ্ছে, ইস্টারের ছুটিতে জড়ো হওয়া খ্রিষ্টান পরিবারগুলোকে হামলার লক্ষ্য করা হয়ে থাকতে পারে। স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, পরিস্থিতি সামাল দিতে ওই এলাকার সবগুলো হাসপাতালকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর। পাঞ্জাবকে দেশের সবচেয়ে ধনী রাজ্য ও প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ক্ষমতার কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়।
