পাকিস্তানের লাহোরে গুলশান-ই-ইকবাল পার্কে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২৯ জনই শিশু। এতে আহত হয়েছে অন্তত ৩শ’ জন।
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জামাত-উল-আহরার নামে তালেবানের একটি গ্রুপ। পাকিস্তানের প্রেসিডেন্ট এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং আঞ্চলিক সরকার তিনদিনের শোক ঘোষণা করেছে।
জামাত-উল-আহরার জানিয়েছে, তারা ওই পার্কে খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডের অনুষ্ঠানকে লক্ষ্য করে এ হামলা চালায়। যদিও পুলিশ বলছে, এ দাবির বিপরীতে তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন।
IMG0
মুখপাত্র এহসানুল্লাহ এহসান স্থানীয় পত্রিকা এক্সপ্রেস ট্রিবিউনকে বলেছেন, খ্রিস্টানদের ইস্টার উত্সবই তাদের হামলার লক্ষ্য ছিল। তিনি বলেন, এই হামলার মাধ্যমে তারা প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে এই বার্তাই দিতে চান যে তারা লাহোরে ঢুকে গেছেন এবং আরো হামলার জন্য প্রস্তুত থাকতে হবে।
পুলিশ সুপার মোহাম্মদ ইকবালের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, রবিবার বিকালে এই হামলার ঘটনা ঘটে। লাহোরের একটি আবাসিক এলাকার মধ্যে ওই পার্কে অনেকেই পরিবার নিয়ে সেদিন ইস্টার সানডে উপলক্ষে বেড়াতে এসেছিল। কিন্তু বর্বর ওই হামলায় মুহূর্তের মধ্যেই ঝরে পড়ে অনেক তাজা প্রাণ। অনেকে ভীড়ের মধ্যে হুড়োহুড়িতে তাদের ছোট সন্তানদের হারিয়ে ফেলে।
উল্লেখ্য জামাত-উল-আহরার তেহরিক-ই-তালেবান থেকে বের হয়ে আসা একটি গ্রুপ। সম্প্রতি তারা বেশ কয়েকটি হামলা চালিয়েছে।
