ইন্টার্ন করার সুযোগ দিচ্ছে মাইক্রোসফট

আপডেট : ২৮ মার্চ ২০১৬, ০৯:৩৬
প্রথমবারের মতো বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদেরকে ইন্টার্নশিপের সুযোগ করে দিচ্ছে বিশ্বসেরা সফটওয়্যার নির্মাণ কোম্পানি মাইক্রোসফট।
 
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সেমিনার কক্ষে ইয়াং বাংলা ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) উদ্যোগে ‘ক্যারিয়ার টক অন বিকাম আ মাইক্রোসফট ইন্টার্ন অ্যান্ড ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ শীর্ষক সেমিনারে সুযোগ ও সম্ভাবনা সম্পর্কে আলোচনা করা হয়। সেমিনারে উপস্থিত ছিলেন বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী।
 
সেমিনারে জানানো হয়, দু মাসের ইন্টার্নশিপ ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্রোগ্রামের মাধ্যমে বিশ্ববিখ্যাত সফটওয়্যার নির্মাণ প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদেরকে হাতে-কলমে শিক্ষাদান করবে। এরই মধ্যে শুরু হয়েছে জীবন-বৃত্তান্ত গ্রহণের কাজ। শুরুতে প্রথমে ৫০ জন শিক্ষার্থীকে ইন্টার্ন করার সুযোগ দেবে মাইক্রোসফট।
 
শুধু তাই নয়, একই সংখ্যক শিক্ষার্থী পাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ। একইভাবে এপ্রিল ও মে মাসে বুয়েটের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেমিনার আয়োজন ও সারা বছর এভাবে শিক্ষার্থী নেওয়ার কাজ করবে মাইক্রোসফট।
 
সেমিনারে উপস্থিত ছিলেন মাইক্রোসফট বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সোনিয়া বশির কবির, সহকারী সমন্বয়কারী, সিআরআই তন্ময় আহমেদ, ফনিক্স ফাউন্ডেশন বাংলাদেশ এবং তরুণদের জন্য কাজ করে এমন কয়েকটি সংগঠন। আলোচনা শেষে ইয়ুথ বাংলার উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।
 
‘ভিশন ২০২১ ইন্টার্নশিপ’-এর নির্দিষ্ট অংশীদারিত্বের অংশ হিসেবে সিআরআই কর্তৃক পরিচালিত তরুণদের জন্য দেশের বৃহত্তম প্ল্যাটফর্ম ‘ইয়াং বাংলা’, প্রথমবারের মতো মাইক্রোসফটে ইন্টার্ন করার এমন সুযোগ করে দিচ্ছে।
 
এই কর্মসূচির আওতায় ইন্টার্নিরা এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়, বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আইসিটি বিভাগে সফলভাবে দায়িত্ব পালন করছেন। অন্যান্য মন্ত্রণালয় ও সরকারি বিভিন্ন বিভাগগুলোতেও এরকম কাজের সুযোগ সৃষ্টির জন্য কাজ করা হচ্ছে।
 
বেসরকারি খাতে এই ধরনের কর্মসূচির সুযোগ প্রসারিত করতে, সিআরআই-ইয়ুথ বাংলা কর্পোরেট বাজারেও কাজ করছে। মাইক্রোফটের এই ইন্টার্নশিপ করানোর সুযোগটিও এমনই এক কর্মসূচির অন্তর্গত।