অনেকটা ফিল্মি আদলে বিয়ে করেন চিত্রনায়ক নিরব। ঘটনাটি সবারই জানা। পালিয়ে বিয়ে করার কারণে বিয়ের আনুষ্ঠানিকতা ছিল অসম্পূর্ণ। তাই এবার বিয়েটা পরিপূর্ণ করতে সবকিছু নতুন করে শুরু করলেন নিরব।
বিয়ের দুই বছর পর নিরব ও তার স্ত্রী ঋদ্ধির গায়ে হলুদ হলো। গত শনিবার রাতে একটি রেস্তোরাঁয় তাদের গায়ে হলুদের অনুষ্ঠান হয়। যেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সবাই। এছাড়াও উপস্থিত ছিলেন নিরবের বন্ধুসহ মিডিয়ার অনেকেই। বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে আজ সেনাকুঞ্জে।
বিয়ের এতোদিন পর গায়ে হলুদের বিষয়ে নিরব বলেন, ‘আমার ও ঋদ্ধির একটা আক্ষেপ ছিল আয়োজন করে আমাদের বিয়েটা হলো না। মনে হচ্ছিল একটি অপূর্ণতা মনে হয় থেকেই যাবে। তাই মূলত ঋদ্ধির ইচ্ছেকে গুরুত্ব দিয়েই নতুন করে আবারও সবকিছুর আয়োজন করলাম। এছাড়া আমার কাজের মানুষগুলোও আমার বিয়ে আয়োজন থেকে বঞ্চিত ছিল। অনেকের সাথেই দেখা হলো। অনেকদিন পর কাছের অনেক মুখগুলোকে দেখে ভালোই লাগছে। ভক্তদের কাছে দোয়া চাই। আমাদের সামনের দিনগুলো যেন ভালো কাটে।’
