সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৪:০৯
সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধান সাগর স্টেশনের নাংলি ফরেস্ট ক্যাম্প বনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এরই মধ্যে প্রায় এক দশমিক ৬৬ একর বনভূমি পুড়ে গেছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
 
সোমবার সকাল থেকে বন বিভাগ ও দমকল বাহিনীর কর্মীরা ফায়ার লাইন কেটে আগুন নিয়ন্ত্রণে আনে। 
 
ধানসাগর স্টেশনের বন সংরক্ষক সুলতান মাহমুদ জানান, রবিবার রাত থেকে আগুনের সূত্রপাত হয়। সোমবার সকালে তা আরো ছড়িয়ে পড়ে। বাগেরহাটের মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে।
 
তিনি বলেন, ‘বন বিভাগের কর্মীরা রাতে বনের মধ্যে আগুনের কুণ্ডলি দেখতে পান। এরপর আশপাশের খাল থেকে পানি তুলে আগুন নেভানোর চেষ্টা করেও লাভ হয়নি। সকালে আগুন আরো ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তারা বনের মধ্যে রাস্তা কেটে আগুন নিয়ন্ত্রণের করে সুফল পায়।’
এ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
 
উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের উত্তর ও উত্তর-পূর্বাংশের নিচু এলাকায় বসন্তের শেষ ও গ্রীষ্ম শুরুর মৌসুমে এর আগেও বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ড ঘটেছে। ২০১৪ সালে চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী ক্যাম্পসংলগ্ন পয়ষট্টি ছিলা এলাকায় বনে আগুন লেগে অন্তত পাঁচ একর বনভূমি পুড়ে যায়। ২০১১ সালে ধানসাগর স্টেশনের নাংলি ক্যাম্প এলাকায় পোড়ে দুই একর বনভূমি।