আদালত অবমাননায় সাজাপ্রাপ্ত মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছেন। সোমবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই সভা শুরু হয়।
মন্ত্রিপরিষদ সচিবালয় সূত্রে জানা গেছে, বেলা আড়াইটায় বৈঠকের বিষয়ে ব্রিফিং করা হবে।
আদালত অবমাননার দায়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে ৫০ হাজার করে জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদন্ডের আদেশ দিয়েছে সুপ্রিমে কোর্টের আপিল বিভাগ।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদন্ডাদেশ পাওয়া জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিলের রায় কেন্দ্র করে প্রধান বিচারপতির বক্তব্যের সমালোচনা করেন দুই মন্ত্রী। গত ৫ মার্চ রাজধানীতে এক সেমিনারে এ বিষয়ে মন্তব্য করেন সরকারের দুই মন্ত্রী কামরুল ইসলাম ও আ ক ম মোজাম্মেল হক। সেখানে প্রধান বিচারপতি তার আসনে থাকতে চাইলে ‘অতিকথন’ বন্ধ করতে ও তাকে বাদ দিয়ে নতুন বেঞ্চ গঠন করে মামলায় পুনরায় শুনানি করার জন্য তারা আহ্বান জানান।
