অবশেষে মগবাজার-মৌচাক-মালিবাগ ফ্লাইওভারের একটি অংশ খুলে দেয়া হচ্ছে। আগামী বুধবার ফ্লাইওভারের সাতরাস্তা থেকে হলি ফ্যামিলি অংশটি উন্মুক্ত করে দেয়া হবে বলে জানা গেছে।
সোমবার প্রকল্পের প্রকল্প পরিচালক নাজমুল আলম বলেন, ‘হলি ফ্যামিলি হাসপাতাল থেকে সাতরাস্তা পর্যন্ত ফ্লাইওভারের অংশটি খুলে দেয়ার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। আগামী ৩০ মার্চ প্রধানমন্ত্রী এ অংশটি জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেবেন।’
পুরো প্রকল্পের ৭০ ভাগের মতো কাজ শেষ হয়েছে জানিয়ে প্রকল্প পরিচালক বলেন, ‘আমরা তিন ধাপে পুরো প্রকল্পের কাজ শেষ করব। বাংলামোটর থেকে মৌচাক অংশ জুনে খুলে দেয়া হবে। বাকিটা ডিসেম্বর বা জানুয়ারিতে খুলে দেয়া হবে। প্রকল্পের মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত হলেও এর আগেই সব কাজ শেষ হয়ে যাবে।’
রাজধানীর এফডিসি, মগবাজার, মৌচাক, শান্তিনগর, মালিবাগসড়ক ও মগবাজার রেল ইন্টারসেকশনে যানবাহনের ধারণ ক্ষমতা বৃদ্ধি করে যানজট নিরসনে এ ফ্লাইওভার প্রকল্পটি হাতে নেয়া হয়।
