বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ এলাকায় যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২৫ জন।
সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলাধীন বগুড়া-ঢাকা মহাসড়কে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে একজন হানিফ পরিবহনের চালক এবং অপর দুইজন মা ও তার শিশু সন্তান বলে পুলিশ ধারণা করছে।
জানা গেছে, ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসটির সঙ্গে জয়পুরহাট থেকে ঢাকাগামী সালমা পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে হানিফ পরিবহনের সামনের ডান পাশ দুমড়েমুচড়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। হানিফ পরিবহনের চালক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হানিফ পরিবহনের অপর এক আসন থেকে এক নারী ও তার কোলে বসে থাকা শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। আর এ জন্য পুলিশ ধারনা করছেন নিহত দুজন মা ও ছেলে।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম জানান, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য জেলা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
