যুক্তরাষ্ট্রের “ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি” এর অ্যাসিসটেন্ট সেক্রেটারি ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যালান বার্সিনের নেতৃত্বে একটি আন্তঃদাপ্তরিক প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছেন। ২৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যণ্ত তিনদিনব্যাপী এই সফরে বাংলাদেশের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে নিরাপত্তা ইস্যুতে আলোচনা করবেন।
দলটিতে ‘ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি’, ‘ফেডারেল এভিয়েশন’ এবং পররাষ্ট্র দফতরের কর্মকর্তাগণ রয়েছেন। বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সাথে বিমান উড্ডয়ন নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে আলোচনা করবেন তারা।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট বলেন, “আমরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এর কর্মকর্তাদের এই সফরকে স্বাগত জানাই এবং এই সুযোগকে দুই দেশের নাগরিকদের জন্য অধিকতর নিরাপত্তা নিশ্চিত করতে মতামত বিনিময়ে কাজে লাগাতে চাই।’
