আন্দোলনের ঝড় চলছে তনুর জন্মস্থান কুমিল্লার মুরাদনগর উপজেলার বিভিন্ন এলাকায়। সোগাগী জাহান তনু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিদিনই মুরাদনগর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের উদ্যোগে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল অব্যাহত রয়েছে।
সোমবার সকালে মুরাদনগর উপজেলা সদরের বিভিন্ন স্কুল-কলেজ ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ, ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয়, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়, ভূবনঘর-নহল আব্দুল বাতেন সরকার উচ্চ বিদ্যালয় ও সোনার বাংলা একাডেমি এন্ড স্কুলের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন প্লে-কার্ড, ব্যানার, ফেস্টুনসহ মিছিল নিয়ে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমবেত হয়। এতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এসে একাত্ত্বতা পোষণ করেন।
IMG0
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাসিনা বেগম, সহকারী প্রধান শিক্ষক এএমএম মুজিবুর রহমান, ভূবনঘর-নহল আব্দুল বাতেন সরকার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহিম, ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনির হোসেন খান, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ রাজিব আহাম্মদ, আক্তার হোসেন মেম্বার, ছাত্রনেতা রুহুল আমিন, আরিফুল ইসলাম শাহেদ, জহিরুল ইসলাম জুয়েল, ফয়সাল আহমেদ নাহিদ প্রমুখ। বক্তারা দ্রুত তনু হত্যাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
