সীতাকুণ্ডে শ্রমিক নিহতের প্রতিবাদে বিক্ষোভ, গুলিতে আহত ৬

আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৭:১৯

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডের সামনের লরিচাপায় শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভের সময় আনসার সদস্যদের ছোড়া গুলিতে নারীসহ ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করে পুলিশ।

এ সময় এলাকাবাসী রোড বেরিকেড দিলে ৭ ঘন্টা যানজট চলাকালে ইয়ার্ডের আনসার বাহিনীর গুলিতে মহিলাসহ ৬ জন গুরুতর আহত হয় এবং পুলিশ ইয়ার্ডের ৫ জনকে আটক করেছে।

জানা যায়, গত সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের গামারিতলা এলাকায় কবির স্টিল ইয়ার্ডে একটি লরি প্রবেশ করার সময় ইয়ার্ডের শ্রমিক মো. সুমনকে (২৬) পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সুমন গামারীতলা এলাকার সিরাজ মিয়ার ছেলে।

 

এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ করে। এ সময় ইয়ার্ডের কর্মরত আনসাররা এলাকাবাসীর ওপর গুলি বর্ষণ করলে নারীসহ ৬ জন গুলিবিদ্ধ হয়। এতে এলাকাবাসী আরো ক্ষিপ্ত হয়ে ইয়ার্ডে হামলা চালানোর চেষ্টা করলে স্থানীয় আওয়ামী লীগ ইউনিয়ন সেক্রেটারি ও চেয়ারম্যান প্রার্থী মনির আহম্মদ, বার আউলিয়া হাইওয়ে পুলিশ এবং চট্টগ্রাম শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় উভয় দিকে হাজার হাজার যানবাহন আটকা পড়ে। বিকাল সাড়ে ৩টার যান চলাচল শুরু হয়। পরে গ্রামবাসীর চাপের মুখে ঘটনায় জড়িত অভিযোগে ৫ জনকে পুলিশ আটক করে।

গুলিবিদ্ধরা হলেন- ওসমান (১৫), শাহানা বেগম (৩০), রাহাত (১৫), মনির আলী (৪৩), নুরনবী (১৮) ও সাইফ উদ্দিন (১৫)। তবে আটককৃতদের নাম জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে
পাঠিয়েছে।