পাঠানকোটে ভারতীয় বিমানঘাঁটিতে জঙ্গি হামলার তদন্ত করতে পাঁচ সদস্যের একটি পাকিস্তানি তদন্ত দল ভারতে পৌঁছেছে। তদন্ত দলটিকে হামলার সকল প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলতে দেয়া হবে। তবে ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া বলেছে, তারা নিরাপত্তা বাহিনীর কোনও সদস্যের সাক্ষাত্কার নিতে পারবে না।
পাকিস্তানি গোয়েন্দা এবং পুলিশ কর্মকর্তারা এবারই প্রথম কোনও জঙ্গি হামলার তদন্তের জন্য ভারত সফর করছেন। নেপালে সার্কের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এবং পাকিস্তানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজের সাক্ষাতে পাকিস্তানি তদন্ত দল পাঠানো নিয়ে আলোচনা হয়।
পাকিস্তানে গত ফেব্রুয়ারিতে পাঠানকোট হামলা নিয়ে ‘অজ্ঞাতনামা ব্যক্তিদের’ বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ওই অভিযোগটি দায়ের করেছিল, যাতে ভারতীয় কর্তৃপক্ষ তদন্তের জন্য কিছু পাকিস্তানি মোবাইল নম্বর সরবরাহ করেছে বলে উল্লেখ করা হয়।
চলতি বছরের জানুয়ারিতে পাঠানকোটের বিমানঘাঁটিতে হামলা চালানোর জন্য ভারত পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদকে দায়ী করেছিল। হামলায় সাত ভারতীয় সেনা এবং ছয় জঙ্গি নিহত হয়। সূত্র: বিবিসি
