বাগেরহাটে ২৫ কেজি হরিণের মাংসসহ আটক ১

আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৮:৪৮
সুন্দরবন থেকে শিকার করা ২৫ কেজি হরিণের মাংসসহ ফারুক ফরাজী (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ।
 
সোমবার ভোরে সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মংলা উপজেলার জয়মনির ঘোল সাইলো এলাকা থেকে তাকে আটক করা হয়। ফারুক ফরাজী উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের মৃত আজিজ ফরাজীর ছেলে।
 
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা গাজী মতিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন সংলগ্ন পশুর ও শ্যালা নদীর মোহনার জয়মনির ঘোল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ২৫ কেজি হরিণের মাংসসহ ফারুককে আটক করা হয়। এ সময় ফারুকের সঙ্গে থাকা চার সহযোগী পালিয়ে যান।
 
বন কর্মকর্তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফারুক স্বীকার করেছেন যে তিনিসহ পাঁচ জন বনের জোংড়া এলাকা থেকে হরিণ শিকার করে চামড়া ও মাংস নিয়ে বিক্রির জন্য লোকালয়ে আসছিলেন। সোমবার বিকালে তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।