‘অংশগ্রহণমূলক-কার্যকরী গণতন্ত্র অব্যাহত আছে’

আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৮:৫২
জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিনস্, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্ণিকাট, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ফস ও ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর পলিন টামেসিস। 
 
সোমবার সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই বৈঠককালে তারা বলেছেন, ঐতিহ্যগতভাবে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। বাংলাদেশের জনগণ সবসময় গণতন্ত্রকামী। বর্তমানে বাংলাদেশে কার্যকরী ও অংশগ্রহণমূলক সংসদীয় গণতন্ত্র অব্যাহত রয়েছে। ভবিষ্যতে গণতন্ত্র চর্চা আরো উন্নত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বৈঠকে শিরীন শারমিন বলেছেন- বাংলাদেশের জাতীয় সংসদ আগের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে অনেক কার্যকরী। বর্তমান সংসদে বিরোধী দল সক্রিয় ভূমিকা পালন করছে। আগের সংসদে বিরোধী দল থাকলেও দিনের পর দিন তারা সংসদ অধিবেশনের বাইরে ছিলেন। তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী সংসদে ভূমিকা রাখেননি।