খুলনায় মাদক মামলায় এস এম কামরুজ্জামান ওরফে ফিরোজ (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার খুলনার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ফিরোজ যশোর জেলার অভয়নগর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের এসএম ওলিয়ার রহমানের ছেলে। রায় ঘোষণাকালে আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ ৬৫ বোতল ফেন্সিডিলসহ এস এম কামরুজ্জামান ওরফে ফিরোজকে গ্রেফতার করে। এ ঘটনায় জেলা পুলিশের এসআই রেজাউল করিম বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেন। ওই বছরের ৩১ অক্টোবর আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।
