রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবন থেকে পড়া রডের আঘাতে আহত চার বছর বয়সী এক শিশু মারা গেছে। তার নাম রিয়া মনি। সোমবার দুপুরে আহত অবস্থায় হাসাপাতলে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যায় সে।
নিহত শিশুর মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
জানা গেছে, রিয়া মনির বাবার নাম মো. এরশাদ মিয়া। তাদের গ্রামের বাড়ি ঢাকা দোহারে। এরশাদ তার স্ত্রী লাইজু বেগম এবং মেয়েকে নিয়ে রাজধানীর রামপুরা পশ্চিম হাজিপাড়া, নতুন রাস্তা এলাকায় বসবাস করেন।
নিহত রিয়ার মামা সাজ্জাদ হোসেন জানান, সোমবার দুপুর ১২টার দিকে রিয়া মনি আরেক শিশুর সঙ্গে বাসার সামনে দোকানে যাওয়ার পথে নির্মাণাধীন ভবন থেকে রড পড়ে রিয়ার মাথায় ঢুকে যায়। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে দুপুর পৌনে ৩টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
