জয়পুরহাটে মটর সাইকেলের ধাক্কায় এক শিশু নিহত

আপডেট : ২৯ মার্চ ২০১৬, ০২:২০
জয়পুরহাট সদরের দূর্গাদহ সড়কের খনজনপুর পূর্বপাড়া নামক স্থানে মটর সাইকেলের ধাক্কায় নুর জাহান (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকালে খনজনপুর-দূর্গাদহ সড়কে এ দূর্ঘটনা ঘটে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, খনজনপুর পূর্বপাড়ার অটো চালক মাহবুব আলমের একমাত্র কন্যা নুর জাহান সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে কিছু খাবার কিনতে রাস্তার পাশে দোকানে যায়। এ সময় দোকান থেকে খাস্তা নামক একপ্রকার খাবার নিয়ে ফেরার পথে ওই মটর সাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত নুরজাহানকে স্থানীয়রা উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজুর রহমান মৃত্য ঘোষণা করেন।
 
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পোঁছে মটর সাইকেলটি উদ্ধার করলেও চালক পালিয়ে যায় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন। শিশু নুরজাহানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।