শাজাহানপুরে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৭:৩৩
বগুড়ার শাজাহানপুর উপজেলায় অজ্ঞাত এক যুবককে হাত-পা বেঁধে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
 
মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার বেজোড়া জামতলা এলাকা  থেকে  পুলিশ তার লাশ উদ্ধার করে জেলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
পুলিশ জানায়, সকালে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের বয়স আনুমানিক ২৪-২৫ বছর । তার পরনে ফুল প্যান্ট ও হাফ সার্ট রয়েছে। তার বুকে ৪-৫টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
 
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন  জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবককে অন্য কোথাও হত্যার পর লাশটি ওই স্থানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহতের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।