শিশুর রাহাত হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ডাদেশ

আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৩:০১
 
শেরপুরে শিশু আরাফাত ইসলাম রাহাত (৮) অপহরণ ও হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সায়েদুর রহমান এই আদেশ দেন।
 
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন-রাহাতের আপন খালু আবদুল লতিফ (২১), আসলাম বাবু (২২) ও রবিন মিয়া (২০)। এছাড়া ইমরান হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। 
 
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২ আগস্ট শহরের শিববাড়ি মহল্লার ব্যবসায়ী শহীদুল ইসলামে খোকনের ছেলে ও বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র রাহাতকে তার খালু আবদুল লতিফ ও সহযোগীরা অপহরণ করে। পরবর্তীতে তারা দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ৪ আগস্ট রাহাতের বাবা একটি মামলা করেন। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে আবদুল লতিফ ও তার সহযোগীদের গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ৮ আগস্ট নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক সংলগ্ন পাহাড় থেকে রাহাতের কঙ্কাল উদ্ধার করে পুলিশ।
 
তদন্ত শেষে পুলিশ ২৯ নভেম্বর চার জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। এরপর গত ১৩ ডিসেম্বর মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠায় বিচারিক আদালত।
২৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এই রায় ঘোষণা করা হয়।