ঝিনাইদহের মহেশপুর উপজেলায়নির্বাচনী সহিংসতায় অন্তত আটজন আহত হয়েছে। এ সময় তিনটি নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনার জন্য আওয়ামী লীগ প্রার্থী ও দলের বিদ্রোহী সতন্ত্র প্রার্থী একে অপরকে দোষারোপ করেছেন।
সোমবার রাতে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে এসব সহিংসতার ঘটনা ঘটে।
বাঁশবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেক মন্ডল অভিযোগ করে বলেন, তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মাসুদুর রহমান মল্লিকের লোকজন সোমবার বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত ভোলাডাঙ্গা, মকরধজপুর ও চুন্নিরাইট ওয়ার্ডে তার নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। প্রতিপক্ষের হামলায় তার ৪/৫ জন কর্মী আহত হয়েছে। মোটরসাইকেল বাহিনী তার সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছে বলে তিনি আরো অভিযোগ করেন।
অপর দিকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান মল্লিক পাল্টা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী সতন্ত্র প্রার্থী আব্দুল মালেকের লোকজন নির্বাচনী প্রচারণাকালে তার সমর্থকদের উপর হামলা করেছে। তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে। নৌকা প্রতীকের পোস্টার ছিড়ে ফেলে। চার কর্মীকে মারপিট করে আহত করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, দুপুর পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।
