ডাচবাংলার ৪ কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৬:২৯
এটিএম কার্ড জালিয়াতির মাধ্যমে ৯৩ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ডাচবাংলা ব্যাংকের চার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আদালতে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামসি তাবরিজসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছেন মাসুদ আহমেদ নামে এক আইনজীবী।
 
মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই আর্জি জানান তিনি। মহানগর হাকিম ওয়াজ কুরুনী খান চৌধুরী বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন।
 
মামলার আবেদনে নাম আসা অপর তিনজন হলেন- ডাচবাংলা ব্যাংকের দনিয়া শাখার জাহাঙ্গীর মোল্লা, কার্ড ডিভিশনের প্রধান ইকবাল হোসেন ও সিনিয়র অফিসার ফাহিম ফিরোজ সুমন।
 
অ্যাডভোকেট মাসুদের অভিযোগ, ২০১৩ সালে ৯ মে থেকে ১২ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে পাঁচটি বুথ থেকে জালিয়াতির মাধ্যমে তার ৯৩ হাজার টাকা সরিয়ে নেয়া হয়েছে।
 
তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বিডিনিউজ।