আগামী ৩১ মার্চ, ২০১৬ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে প্রথমবারের মতো সঙ্গীত উত্সব অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশমাতার প্রতি আত্মনিবেদনের বোধন নিয়ে শুরু হচ্ছে এই উত্সব।
এর প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সঙ্গীত বিভাগের চেয়ারম্যান প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী লাইসা আহমেদ লিসাকে আহবায়ক হিসেবে সঙ্গীত উত্সব ২০১৬ উদযাপন কমিটি গঠন করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সঙ্গীত উত্সবে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া।
নান্দনিক এই আয়োজন ও উদ্যোগ প্রসঙ্গে উত্সবের আহবায়ক অধ্যাপক লাইসা আহমেদ লিসা বলেন, ‘সঙ্গীত বিভাগের সকলের সমন্বয়েই এই উত্সবে মূলত কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অংশগ্রহনকারীদের একটি মিলনমেলা তৈরির উদ্যোগ নিয়েছি আমরা, যেখানে সারাদিন সংগীদের আবহে পারস্পরিক প্রীতি বিনিময়ও হবে।’
উল্লেখ্য, এই বর্ণাঢ্য উত্সবে অংশগ্রহনকারীরা হলো — ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ এর সংগীত বিভাগ এবং আয়োজক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ।
অনুষ্ঠান শুরু হবে সকাল ১০ টায় সম্মেলক গান ‘ও আমার দেশের মাটি’ এর পরিবেশনার ভেতর দিয়ে। এরপর শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের খন্ডকালীন শিক্ষক আলী এফ এম রেজোয়ান।
বিশেষ অতিথি দ্বয় এবং প্রধান অতিথির বক্তব্য শেষে অনুষ্ঠানের সভাপতি লাইসা আহমেদ লিসার বক্তব্যে উদ্বোধনী পর্ব শেষ হবে।
পরবর্তী সংগীত পর্বে অতিথি শিল্পীদের পরিবেশনায় থাকবে রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত, লোকসঙ্গীত ও উচ্চাঙ্গসঙ্গীত। অতিথি শিল্পীরা হলেন নাদিরা বেগম, খায়রুল আনাম শাকিল, বুলবুল ইসলাম, অদিতি মহসিন ও শারমিন সাথী ইসলাম।
