সাইপ্রাসে জিম্মি নাটকের অবসান

আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৯:১৭
মিসর থেকে ছিনতাই করে নিয়ে যাওয়া বিমানের সন্দেহভাজন ছিনতাইকারী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। সাইপ্রাসের লারনাকা বিমানবন্দরে ছিনতাইকারী সেইফ এলদিন মুস্তফা হাত ওপরে তুলে বিমান থেকে বের হয়ে আসেন।
 
সাইপ্রাসের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে বলা হয়, 'নাটকের অবসান হয়েছে।'
 
তবে ছিনতাইকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। দ্য টেলিগ্রাফ জানিয়েছে, বিমান ছিনতাইকারী সেইফ এলদিন মুস্তফা সাইপ্রাস নিবাসী তার সাবেক স্ত্রীর দেখা পেতে বিমানটি ছিনতাই করে থাকতে পারেন। আবার কেউ বলছেন, মিসরে এক নারী কারাবন্দীকে মুক্ত করতে এই ছিনতাই নাটক করেন তিনি।
IMG0
আলেকজান্দ্রিয়া থেকে কায়রো যাওয়ার পথে ইজিপ্ট এয়ারের আভ্যন্তরীণ রুটের বিমানটি ছিনতাই হয়। বোমা হামলার ভয় দেখিয়ে সাইপ্রাসের লারনাকা বিমানবন্দরে অবতরণ করতে পাইলটকে বাধ্য করে মুস্তফা।
বিমানের পাইলট ওমর আল-জামালের বরাত দিয়ে মিশরের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের মধ্যে থেকেই একজন উঠে এসে বোমার বেল্ট দেখিয়ে বিস্ফোরণ ঘটানোর হুমকি দেয় এবং বিমানটির যাত্রাপথ পরিবর্তন করে লারনাকায় নিয়ে যাওয়া হয়।