সোমালিয়ার দক্ষিণাঞ্চলে সরকারপন্থি বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ে আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর অন্ততপক্ষে ১১৫ জন সদস্য নিহত হয়েছেন। আঞ্চলিক গালমুডুগের সরকার এক বিবৃতিতে জানিয়েছে, লড়াইয়ের পর ১১০ জঙ্গিকে আটক করা হয়েছে।
তবে নিরপেক্ষ কোনো সূত্রের মাধ্যমে এই তথ্য যাচাই করা সম্ভব হয়নি। সোমালিয়ার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে টিকতে না পেরে আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত এই গোষ্ঠীটি উত্তরাঞ্চলের দিকে সরে গেছে। আঞ্চলিক সরকারের দেয়া বিবৃতিতে বলা হয়, গালমুডুগের পুন্টল্যান্ড সীমান্তের কাছে চারদিন লড়াইয়ের পর জঙ্গিরা পরাজিত হয়।
বিবৃতিতে আরো বলা হয়, খুব কম সংখ্যক জঙ্গিই দুর্গম অঞ্চলের দিকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে বিবৃতিতে সরকারপন্থী বাহিনীর ক্ষয়ক্ষতির কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
সোমালিয়ার দক্ষিণাঞ্চলে আফ্রিকান ইউনিয়নের (এইউ) প্রায় ২২ হাজার সেনা আল-শাবাব জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে। প্রায় একদশক আগে আল-শাবাব গোষ্ঠী দেশটিতে ইসলামী শাসন চালুর লক্ষ্যে তৎপরতা শুরু করে। সূত্র: বিবিসি
