যশোর সদর উপজেলার শ্যামনগর গ্রামে ইদ্রিস আলী (৫০) নামে এক ওয়ার্ড বিএনপি নেতা ও সাবেক চরমপন্থী নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সন্ধ্যায় শ্যামনগর বাজারে তাকে গুলি করে হত্যা করা হয়। ইদ্রিস আলী সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের শ্যামনগর গ্রামের হাশেম আলী মোল্লার ছেলে।
সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সাবেক চরমপন্থী নেতা ও বিএনপি নেতা ইদ্রিস আলী শ্যামনগর বাজারে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আজম জানান, ইদ্রিস আলী হৈবতপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি। সন্ত্রাসীদের ভয়ে ও নিরাপত্তাহীনতার কারণে দীর্ঘদিন ধরে তিনি সাতমাইল এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। তবে এটি নির্বাচনকেন্দ্রিক হত্যাকাণ্ড কিনা তা নিশ্চিত হতে পারেননি।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন জানান, সাবেক চরমপন্থী নেতা ইদ্রিস আলীকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। চরমপন্থী নান্নু বাহিনীর সদস্যরা তাকে হত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। চরমপন্থী নেতা ইদ্রিস আলী ১৯৯৯ সালে সরকার ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
