‘তথ্য-প্রযুক্তির ব্যবহারে জনগণের কাছে পৌঁছে দিচ্ছে স্বাস্থ্যসেবা’

আপডেট : ২৯ মার্চ ২০১৬, ২০:২১
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, তথ্য ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মধ্য দিয়ে বর্তমান সরকার স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। 
 
মঙ্গলবার মন্ত্রণালয়ের সভা কক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের ইলেকট্রনিক গভর্নমেন্ট পোর্টাল (ইজিপি) উদ্ধোধনকালে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকার বিভিন্ন খাতে ই-টেন্ডারিং চালু করছে। তার ধারাবাহিকতায় স্বাস্থ্য অধিদপ্তরে ইজিপি চালু করা হল। এর মধ্য দিয়ে স্বাস্থ্য খাতের কার্যক্রমের দক্ষতা, গতিশীলতা আরও বাড়বে। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী ই-টেন্ডারিং প্রক্রিয়াকে সহজীকরণ করতে সংশ্লিষ্টদের আরো সচেষ্ট হওয়ার নির্দেশ দেন।
 
এ সময় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।