পাঠানকোট তদন্তে পাকিস্তানকে যুক্ত করায় ক্ষুব্ধ কেজরিওয়াল

আপডেট : ২৯ মার্চ ২০১৬, ২১:০৩
 
পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রতিনিধিসহ একটি দলকে ভারতের পাঠানকোটে হামলার তদন্তে অনুমতি দেয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কঠোর সমালোচনা করেছেন আম আদমি পার্টির নেতা ও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বিধানসভার অধিবেশন চলাকালে তিনি 'মোদী পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছেন' বলে কটাক্ষ করেন।
 
পাকিস্তানি ওই তদন্ত দল বুলেট প্রুফ গাড়িতে করে ভারতের অমৃতসর থেকে পাঠানকোটের জঙ্গি হামলাস্থলে গেছে। নজিরবিহীন এই ঘটনার জন্য শুধু আম আদমি পার্টি নয়, কংগ্রেসও এর তীব্র সমালোচনা করেছে। বিধানসভায় এ নিয়ে আম আদমি পার্টির কয়েক এমপি বিভিন্ন প্লাকার্ড হাতে এর প্রতিবাদ জানান। আম আদমি ছাড়াও আরো কয়েকজন এমপি এতে যোগ দেন।
 
অধিবেশন চলাকালে আম আদমি পার্টি ‘আইএসআই ফিরে যাও’ লেখা সম্বলিত বিভিন্ন প্লাকার্ডের মাধ্যমে এর প্রতিবাদ জানান। আম আদমির সঙ্গে আরো কয়েকজন এমপিও কঠোর ভাষায় আইএসআই’র সমালোচনা করেন। তারা বলেন, মোদী আইএসআইকে বিরিয়ানি খাইয়ে হাত করে ফেলেছেন। চলতি বছরের ২ জানুয়ারি পাঠানকোটে ভারতীয় বিমানবাহিনীর একটি ঘাঁটিতে জঙ্গি হামলায় সাতজন নিহত হয়। ওই হামলায় জড়িত ছয় সন্ত্রাসীকে পাকিস্তানি নাগরিক বলে চিহ্নিত করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
 
হামলাকারীরা পাকিস্তান থেকে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশ করে এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারতীয় তদন্তকারীরা। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছিলেন, ভারত যদি অনুমতি দেয় তাহলে তাদের একটি প্রতিনিধি দল পাঠানকোটে যাবে। এক্ষেত্রে তারা সবধরনের সহায়তা দেয়ার জন্য প্রস্তুত আছেন। তারই ধারাবাহিকতায় গতকাল পাঠানকোট পরিদর্শনে গেছে পাকিস্তানি প্রতিনিধি দল। সূত্র: এনডিটিভি