তনু হত্যা মামলা যাচ্ছে সিআইডিতে

আপডেট : ২৯ মার্চ ২০১৬, ২১:৪৫
বহুল আলোচিত কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলা তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিতে যাচ্ছে। বুধবার সন্ধ্যার মধ্যে আনুষ্ঠানিকভাবে মামলার যাবতীয় নথিপত্র সিআইডির নিকট হস্তান্তর করা হতে বলে জানা গেছে।
 
মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন  মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবির ওসি একেএম মঞ্জুরুল আলম। 
 
এদিকে ডিএনএ পরীক্ষা, সুরতহাল প্রস্তুতসহ পুনঃময়নাতদন্তের জন্য বুধবার জেলার মুরাদনগর উপজেলার মির্জাপুরের পারিবারিক কবরস্থান থেকে কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর লাশ উত্তোলন করা হবে। সিআইডি’র কুমিল্লার বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খানের নেতৃত্বে একটি দল মঙ্গলবার তনু হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেন। 
 
জানা যায়, গত ২০ মার্চ রাতে কলেজ ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার পর তার পিতা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে গত ২১ মার্চ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
 
প্রথমে মামলাটি তদন্ত করেন কোতয়ালী মডেল থানাধীন ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম। পরে মামলাটি গত ২৫ মার্চ রাতে জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়। এবার তৃতীয় দফায় মামলাটি সিআইডিতে ন্যস্ত করার সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা এসেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
 
কুমিল্লা ডিবির ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা একেএম মঞ্জুরুল আলম জানান, মামলাটি সিআইডিতে ন্যস্ত করার নির্দেশনা এসেছে, তবে এরই মধ্যে মামলার তদন্তে প্রাপ্ত কিছু তথ্য লিপিবব্ধ করে বুধবার সন্ধ্যার মধ্যে হয়তো মামলার যাবতীয় নথি সিআইডির নিকট হস্তান্তর করা হবে। সিআইডি কুমিল্লার বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান, নথিপত্র হাতে পেতে হয়তো আরও কিছু সময় লাগবে, বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে।