'দুদক মানুষকে কষ্ট দিতে সৃষ্টি হয়নি'

আপডেট : ২৯ মার্চ ২০১৬, ২১:৫৯
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতির করালগ্রাস থেকে দেশকে মুক্তি দিতে হবে। দুর্নীতি দমন কমিশন মানুষকে কষ্ট দেওয়ার জন্য সৃষ্টি হয়নি।
 
দুর্নীতিবিরোধী র‍্যালি শেষে রাজধানীর প্রেসক্লাবের সামনে কমিশন আয়োজিত মানববন্ধনে এই কথা বলেন কমিশনের চেয়ারম্যান।
 
'দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন' স্লোগানকে সামনে রেখে শুরু  হওয়া দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৬ এর চতুর্থ দিনে মঙ্গলবার কমিশনের প্রধান কার্যালয় হতে কমিশনের দুর্নীতি বিরোধী বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
 
কমিশনের প্রধান কার্যালয় হতে শুরু হয়ে কাকরাইল মোড়-বিজয়নগর-পল্টন হয়ে প্রেসক্লাবের সামনে মানববন্ধন  হয়। মানববন্ধনে উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, আমরা র‍্যালি করছি মূলত দেশের সর্বস্তরের মানুষকে সচেতন করার জন্য। শুধু ঢাকা নয় দেশের প্রতিটি নগর, মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে এ জাতীয় কর্মসূচি পালন করা হচ্ছে।
 
তিনি বলেন, আমরা চাই সামাজিক আন্দোলনের মাধ্যমে দুর্নীতিকে  কমাতে বা নির্মূল করতে। তিনি এক্ষেত্রে সাংবাদিক ও তরুণ প্রজন্মের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
 
বাংলাদেশ ব্যাংকের অর্থ লোপাট সংক্রান্ত সাংবাদিকগণের এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, মানিলন্ডারিং সংশ্লিষ্ট একটি আইন ২০১৫ সালে সংশোধিত হয়েছে। সেখানে ভাগ করে দেওয়া হয়েছে, কোন সংস্থা কোন কোন কাজ করবে। আমরা আইন অনুযায়ী আমাদের কার্যক্রম পরিচালনা করবো। র‍্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের সচিব আবু মো. মোস্তফা কামাল, মহাপরিচালক যথাক্রমে ড. মো. শামসুল আরেফিন, ফরিদ আহমেদ ভূঁইয়া, মো. সহিদুজ্জামানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।