ফেনীতে গ্রেপ্তার ২৬ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠিত

আপডেট : ২৯ মার্চ ২০১৬, ২২:৫০
ফেনীতে র‌্যাবের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার ২৬ ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মঙ্গলবার জেলা ও দায়রা জজ ও ট্রাইব্যুনাল-১ এর বিচারক দেওয়ান মোঃ সফিউল্যাহ অস্ত্র আইনে ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ প্রদান করেন। আগামী ১১ মে মামলার স্বাক্ষ্য গ্রহনের দিন ধার্য করা হয়েছে।
আদালত সুত্র ও সরকারী কৌঁসুলী (পিপি) অ্যাডভোকেট হাফেজ আহম্মদ জানায়, মঙ্গলবার সকালে অস্ত্র মামলার ২৬ আসামীকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ফেনী জেলা কারাগার থেকে জেলা ও দায়রা জজ ও ট্রাইব্যুনাল-১ এর বিচারক দেওয়ান মোঃ সফিউল্যাহ এর আদালতে হাজির করা হয়। তার আগে রবিবার সন্ধ্যায় এ মামলায় গ্রেপ্তার ১৪ জন আসামীকে কাশিমপুর কারাগার থেকে ফেনী জেলা কারাগারে নিয়ে আসা হয়। কয়েকজন আসামী এ মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য আদালতে আবেদন করেন। আদালত তাদের আবেদন খারিজ করে দেয়। এছাড়া অপর কয়েকজন আসামী জামিনের আবেদন জানালেও আদালত সেগুলি নামঞ্জুর করেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ৬ জুন ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহসড়কের ফেনী সদর উপজেলার লালপুল এলাকা থেকে বিপুল পরিমান অস্ত্রসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২৬ নেতাকর্মীকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা গ্রেপ্তার করে। ৭ জুন র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের জ্যেষ্ঠ ওয়ারেন্ট কর্মকর্তা মোঃ ইব্রাহিম বাদি হয়ে ২৬ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটি পরবর্তীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডিতে) স্থানান্তর করা হয়।
ঢাকা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা গত ২৮ ডিসেম্বর ২৬ আসামীর সবার বিরুদ্ধে অস্ত্র আইনে আদালতে অভিযোগ দাখিল করে।