এক আরজে’কে থাপ্পড় মারলেন অর্জুন!

আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৩:৪৬
ঠাণ্ডা মাথার ছেলে বলে বিটাউনে বেশ সুনাম আছে অর্জুন কাপুরের। তবে সেই সুনাম আর অক্ষত রাখতে পারলেন না ‘টু স্টেটস’ এর তারকা। সম্প্রতি এক রেডিওকে দেয়া সাক্ষাতকারে হঠাৎ একটি প্রশ্নে বেজায় চটে যান এই উঠতি তারকা। এমন রাগেন যে, রেডিও জকি বা আরজে’কে সপাটে চড়ই কষিয়ে দেন। সূত্র- ডিএনএ।
 
বর্তমানে 'কি অ্যান্ড কা' ছবির প্রমোশনে ব্যস্ত অর্জুন। এ ছবিতে এক গৃহ-স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। বিপরীতে আছেন করিনা কাপুর। ছবির প্রমোশনে গিয়েই এক বেসরকারী রেডিও স্টেশনে এমন কাণ্ড ঘটালেন অর্জুন।
 
শুধু আরজে-কে থাপ্পড় মারাই নয়, তাকে এক রকম ধাক্কা দিয়ে ঠেলে সরিয়েও দেন অর্জুন।
 
'তেভর'-এর নায়ক হলেও এমনিতে বলিপাড়ায় শান্ত ছেলে বলেই পরিচিত অর্জুন। হাসি-মজাতেই মশগুল থাকেন। এযাবৎ কারও সঙ্গে কোনও ঝামেলায় পড়েছেন বলেও শোনা যায়নি। সেই অর্জুনের এহেন রূপ দেখে অনেকেই চমকে গেছেন।
 
আসলে চমকে দেওয়ার জন্যই যে এ কাণ্ড ঘটিয়েছেন তিনি। 'কি অ্যান্ড কা' মুক্তি পাচ্ছে ১ এপ্রিল। আর সেই দিনটাকে মাথায় রেখেই প্রমোশনের এমন অভিনব পন্থা নিয়েছেন নায়ক।