তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকন জাপানের ইলেকট্রনিকস কোম্পানি শার্পের বেশিরভাগ শেয়ার কিনে নিতে সম্মত হয়েছে। লোকসানের কারণে অস্তিত্বের সংকটে পড়েছিল জাপানি প্রতিষ্ঠানটি।
ফক্সকন জানিয়েছে, ৩৮৯ বিলিয়ন ইয়েনের (৩.৫ বিলিয়ন ডলার) এই চুক্তিতে শার্পের ৬৬ শতাংশ মালিকানা পেয়ে যাবে ফক্সকন। বিশ্বের বেশিরভাগ আইফোন তাইওয়ানে ফক্সকনের কারখানায় অ্যাসেম্বল করা হয়। কোম্পানিটি এর আগে ২০১২ সালে শার্পে বিনিয়োগ করতে চাইলেও তখন আলোচনা ভেস্তে গিয়েছিল।
শার্প ও ফক্সনের যৌথ বিবৃতিতে এই চুক্তিকে 'ঐতিহাসিক কৌশলগত জোট' হিসেবে আখ্যা দেয়া হয়েছে। এর মাধ্যমে জাপানের বড় কোন ইলেকট্রনিকস কোম্পানি প্রথমবারের মতো বিদেশি মালিকানায় যাবে। সূত্র: বিবিসি
