রাজশাহীর মোহনপুর উপজেলার বিষহারা কারিগরপাড়ায় পাঁচ বছরের এক শিশুকে পাশবিক নির্যাতন (বলাৎকার) করছে স্থানীয় বাবুল হোসেন (২২)। মঙ্গলবার বিকেলের এ ঘটনায় ভুক্তভোগী শিশুর চাচা রাতে থানায় মামলা করেছেন। তবে আসামি একই গ্রামের আহাদ আলীর ছেলে বাবুল হোসেন ঘটনার পর থেকেই পলাতক। এদিকে ওই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে প্রথম শ্রেণিতে পড়ুয়া ওই শিশুটি নিজ বাড়ির সামনে খেলছিল। এ সময় একই গ্রামের আহাদ আলীর ছেলে বাবুল হোসেন তাকে খাবার কিনে দেয়ার লোভ দেখিয়ে পার্শ্ববর্তী একটি পানের বরজে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন (বলাৎকার) শুরু করে। এতে শিশুটি ব্যথায় চিৎকার করলে লম্পট বাবুল পালিয়ে যায়। পরে আহত অবস্থায় শিশুকে উদ্ধার করে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাসুদ পারভেজ বলেন, 'রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ছেলে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। লম্পট বাবুলের বিরুদ্ধে ৩৭৭ ধারায় (বিকৃত যৌনাচার) মামলা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।'
