সারাদেশের সাড়ে তিন কোটি পরিবারের তথ্য সংগ্রহ করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এর মাধ্যমে প্রতিটি খানার আর্থ-সামাজিক অবস্থার ডাটাবেজ তৈরি করা হবে।
দেশের সকল জনগোষ্ঠীর জন্য এ ডাটাবেজ প্রস্তুত হলে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগী নির্বাচনে তা ব্যবহার করা সম্ভব হবে। সেইসাথে দেশের দারিদ্র দূরীকরণে তাত্পর্যবহ ভূমিকা পালনে সক্ষম হবে বলে মনে করে বিবিএস।
বিবিএস এর ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেজ প্রকল্পটি ২০১৭ সালের ডিসেম্বরে শেষ হবে। এ প্রকল্পের আওতায় বুধবার কুড়িগ্রাম এবং জামালপুরের অভিজ্ঞতা বিনিময় নিয়ে বিবিএস ভবনে এক কর্মশালার আয়োজন করা হয়।
প্রকল্প পরিচালক ড. এম এমদাদুল হক জানান, দেশব্যাপী প্রায় ৩ কোটি ৫০ লাখ খানা হতে ৩টি পর্যায়ে তথ্য সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী রংপুর বিভাগ, বরিশাল বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর ও শেরপুর জেলার তথ্য ১ম পর্যায়ে, খুলনা ও রাজশাহী বিভাগের তথ্য ২য় পর্যায়ে এবং ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং নেত্রকোনা জেলার তথ্য ৩য় পর্যায়ে সংগ্রহ করা হবে। তিনি আরও উল্লেখ করেন, ১ম পর্যায়ের তথ্য সংগ্রহ জুলাই, ২০১৬ মাসে শুরু হবে। সংগৃহীত তথ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে প্রতিটি খানার আর্থ-সামাজিক অবস্থার নির্দেশক স্কোর প্রদান করা হবে এবং প্রস্তুতকৃত এ ডাটাবেইজ ব্যবহার করে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগী নির্বাচন করা হবে।
প্রকল্পের আওতায় কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার দুটি ইউনিয়নে এবং জামালপুর জেলার মেলান্দহ পৌরসভা এলাকার প্রতিটি খানার তথ্য ইতিমধ্যে বিশ্বব্যাংক কর্তৃক নিয়োগকৃত প্রতিষ্ঠান সংগ্রহ করেছে।
প্রধান অতিথির বক্তব্যে কানিজ ফাতেমা বলেন, দেশের সকল জনগোষ্ঠীর জন্য এ ডাটাবেজ প্রস্তুত সম্পন্ন হলে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগী নির্বাচনে তা ব্যবহারের মাধ্যমে দেশের দারিদ্র দূরীকরণে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালনে সক্ষম হবে।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএস এর মহাপরিচালক মোহাম্মদ আবদুল ওয়াজেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব এম সফিকুল ইসলাম।
