খুলনায় সড়ক দুর্ঘটনায় হামিদুল সরদার (২৮) নামে এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার বিকাল ৪টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা সড়কের চুকনগর এলাকায় গোবিন্দকাটি চারা বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকাল ৪টার দিকে আম বিক্রেতা হামিদুল কাঠতলা নামক স্থান থেকে ভ্যানযোগে চুকনগর বাজারে যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে রাস্তার ওপর ছিটকে পড়লে হামিদুলের মাথার ওপর দিয়ে ট্রাকটি চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্য হয়।
চুকনগর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাফুর আহমেদ জানান, হামিদুল সাতক্ষীরার তালা উপজেলার উলিয়া গ্রামের বাসিন্দা। ট্রাকটি পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
