রাজধানীর মিরপুর সড়কে গণভবনের সামনে দিয়ে যাওয়ার সময় বুধবার দুপুরে হাতেনাতে এক ছিনতাইকারীকে ধরে ফেললেন ঢাকা মহানগর পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মশিউর রহমান ।
আটককৃত ওই ছিনতাইকারীর নাম সুমন (২৫)। এই সময় ছিনতাইকারীর কাছ থেকে ছিনতাইকৃত দামী একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
উল্লেখ্য, ম্যজিস্ট্রেট মশিউর রহমান গাড়ীতে করে সংসদ ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় এক ছিনতাইকারীকে মোবাইল ছিনিয়ে নিয়ে দৌড়ে পালাতে দেখে তিনি নিজেই গাড়ি থেকে নেমে ছিনতাইকারীকে ধাওয়া করে ধরে ফেলেন।
পরে শেরেবাংলা নগর থানা পুলিশের উপস্থিতিতে ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই ছিনতাইকারীকে দুই বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়। এই সময় উদ্ধারকৃত মোবাইল ফোনটির মালিক গণভবনের কর্মকর্তা বেলা রাণি রায়কে (৪৫) বুঝিয়ে দেন।
বেলা রাণি রায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, 'এই রকম যদি সবাই এগিয়ে আসে তাহলে ছিনতাইসহ অন্যান্য অপরাধ প্রতিরোধ করা সহজ হবে।'
