ফরিদপুরের বাখুণ্ডা নামক স্থানে মেসার্স মিনিবাস ফিলিং স্টেশনের সহকারী ম্যানেজার মইনুর রহমানকে (৩২) গুলি করে দুই লাখ টাকা ছিনতাই করা হয়েছে।
মইনুরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।
আহত মইনুর বলেন, সারাদিনের বিক্রির টাকা নিয়ে পাম্প থেকে ফরিদপুর শহরের মিনিবাস মালিক সমিতির অফিসে যাওয়ার জন্য পাম্পে তেল নিতে আসা খন্দকার ট্রাভেলস এর বাসে উঠি। এ সময় দুটি মোটরসাইকেলে ৬ জন ছিনতাইকারী গাড়ির সামনে এসে অবস্থান নেয়। দুইজন গাড়ির ভিতরে উঠে মাথায় পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে ওরা গুলি করলে গুলি আমার পায়ে লাগে। পরে ছিনতাইকারীরা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফরিদপুর কোতোয়ালি থানার উপ পরিদর্শক বিপুল কুমার দে জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
