যশোরে বোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৩:৫৩
যশোর সদর উপজেলায় হাত বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত দুইজনের মৃত্যৃ হয়েছে। বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন সবুজ (২৮) ও ইবাদুলের (৩৬) মৃত্যু হয়। নিহত সবুজ যশোর সদর উপজেলার কাঠামারা গ্রামের আনার উদ্দিনের ছেলে ও ইবাদুল ইসলামের বাবার নাম রমজান আলী।
 
এর আগে বুধবার দিবাগত রাত ৯টার দিকে যশোর সদর উপজেলার লেবুতলা আন্দোলপোতা মাঠে এ ঘটনা ঘটে। আহতরা আওয়ামী লীগের সমর্থক বলে স্থানীয় বিভিন্ন সূত্র দাবি করেছে। আহতরা হলেন, সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের কাঠামারা গ্রামের রমজান আলীর ছেলে ইবাদুল ইসলাম (৩৮), একই গ্রামের আনার উদ্দিনের ছেলে সবুজ (২৯), আন্দোলনপোতা গ্রামের বাদশা মোল্যার ছেলে গোলাম মোস্তাফা (৩০), একই গ্রামের আলাউদ্দিনের ছেলে রুবেল হোসেন (২১) এবং অপরজন রাকির হোসেন। তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
এলাকাবাসীর ভাষ্যমতে, বৃহস্পতিবার যশোর সদর উপজেলার ১৫ ইউনিয়নের নির্বাচন। এই নির্বাচনে ত্রাস সৃষ্টি করার জন্য তারা পাঁচজন স্থানীয় আন্দোলপোতা মাঠে বোমা তৈরি করছিলেন। বোমা তৈরির সময় বিস্ফোরণ হলে তারা গুরুতর আহত হন। বিকট শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে তাদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
 
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক মনিরুজ্জামান লড জানান, আহতের পাঁচজনের শরীরের বিভিন্নস্থানে জখম হয়েছে। এদের মধ্যে ইবাদুল ও সবুজের অবস্থা আশংকাজনক। তাদের দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে পরামর্শ দেয়া হয়েছে।
 
যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে তারা বোমা তৈরি করছিলেন। নিজেদের তৈরি বোমা বিস্ফোরণেই তারা আহত হয়েছেন। ওসি আরও জানিয়েছেন, আহতের আটক দেখানো হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত কিনা তা পুলিশ এখনও নিশ্চিত না।
 
তবে আহতের স্বজন আন্দোলনপোতা গ্রামের হাশেম আলীর ছেলে শামিম আহম্মেদ হাসপাতালে সাংবাদিকদের জানিয়েছেন, তাদের ওপর বোমা হামলা হয়েছে।