সাভারের হেমায়েতপুরে এক ব্যক্তির (৪৫) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে হেমায়েতপুরের নন্দখালী হলমার্কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নন্দখালী হলমার্ক গার্মেন্টসের পাশে একটি খালি জায়গায় অজ্ঞাত এক ব্যক্তির জবাই করা লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। নিহত ওই ব্যক্তির সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানায় পুলিশ।
অন্যদিকে, সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় একটি বাড়ি থেকে অজ্ঞাত এক (২৫) যুবকের লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। অজ্ঞাত ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান। এ ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
