ক্রিকেটের কিংবদন্তী মোহম্মদ আজহারউদ্দিনকে নিয়ে নির্মিত হচ্ছে ‘আজহার’ ছবি। আর এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। চরিত্রটিকে আরো বেশি বাস্তবভিত্তিক করে গড়ে তুলতে আজহারউদ্দিনের কাছে ক্রিকেটের প্রশিক্ষণ নিচ্ছেন ইমরান।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আজহারউদ্দিনের ক্রিকেটের কিছু টেকনিক শিখছেন ইমরান হাশমি। বুধবার এরকমই একটি ভিডিও প্রকাশ করেছে ‘আজহার’ ছবির নির্মাতারা। সেখানে আজহারের সঙ্গে ইমরান হাশমিকে অনুশীলন করতে দেখা গেছে।
ইমরান হাশমি বলেছেন, আমি তাকে দেখছি এবং তিনি তার সময়ে যে ধরনের ক্রিকেট খেলতেন সেটিকে অনুসরণ করার চেষ্টা করেছি। তিনি আমাকে স্পষ্টভাবে সব উপদেশ দিচ্ছেন। আমার ওপর তিনি কোনো চাপ দিচ্ছেন না।
অন্যদিকে ইমরান সম্পর্কে আজাহারউদ্দিন বলেছেন, সে খুব ধৈর্যশীল ও অনেক ভাল শিক্ষার্থী। অনেক মানুষই খুব দ্রুত শিখতে পারে না। কিন্তু সে শিখতে চায়।
টনি ডিসুজার পরিচালনায় ‘আজহার’ ছবিতে আরো অভিনয় করছেন প্রাচী দেশাই, নারগিস ফকরি, লারা দত্ত ও গৌতম গুলাটি। আগামী ১৩ মে ছবিটি মুক্তি পাবে। খবর: এনডিটিভি।
