কেরানীগঞ্জে দুই পক্ষের গোলাগুলি, শিশু নিহত

আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১২:৪০
 
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রের বাইরে দুই পক্ষের গোলাগুলিতে শুভ ঘোষ (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হযরতপুর ইউনিয়নের মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।  
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মো. ফখরুজ্জামান জানান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের গোলাগুলির মাঝখানে পড়ে শিশুটি মারা যায়। 
 
কেরানীগঞ্জ পুলিশের এস আই মনিরুজ্জামান বলেন, 'কেন্দ্রের বাইরে দুই পক্ষের সমর্থকদের গুলিতে শিশুটি আহত হয়। হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।'
 
রিটার্নিং কর্মকর্তা শাহজাহান আলী বলেন, 'কেন্দ্রের ভেতরে কোনো সমস্যা হয়নি। ভোট চলছে। প্রিজাইডিং অফিসারের কাছে জেনেছি, বাইরে সংঘর্ষের মধ্যে এক শিশু মারা গেছে।'
 
হযরতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আয়নাল হোসেন, বিএনপির প্রার্থী নুরুল হক রিপন।