সিরাজগঞ্জ সদর উপজেলায় ২টি কেন্দ্রের ১১ শ ব্যালট পেপার ছিনতাই

আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৩:৩৭
বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে নয়টি ইউনিয়ন পরিষদে নির্বাচনে ভোট গ্রহন চলছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কাউয়াখোলা ইউনিয়নের বড়কয়ড়া কেন্দ্রে দুর্বৃত্তরা হামলা করে। এ সময় তারা নয় শ ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়। 
 
এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জাহাঙ্গীর আলম জানান, কয়েকজন দুর্বৃত্ত ভোট কেন্দ্রে হামলা চালিয়ে নয় শ ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়। পরে এই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়।
 
এদিকে বহুলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধীতপুর কেন্দ্রে দুপুর পৌনে ১২টার দিকে দুই শ ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ছয় রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করলে তারা পালিয়ে যায়।
 
এছাড়া অন্যান্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিটি ভোট কেন্দ্রেগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও ১৪ জন ম্যাজিস্ট্রেটকে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বসহ বিজিবি, র‌্যাব ও পুলিশের টহল জোরদার রয়েছে। 
 
সয়দাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন আপিল বিভাগের আদেশে সাময়িকভাবে স্থগিত ও রতনকান্দি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় এই ইউনিয়নের নির্বাচনে শুধু মেম্বারদের ভোট অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে প্রচুর ভোটারদের সমাগম ঘটে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিলো অনেক বেশি।